দেশজুড়ে

কুলখানির খাবার খেয়ে ডায়রিয়া-বমি, হাসপাতালে শতাধিক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুলখানির খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অর্ধশতাধিক রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ  গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হওয়া ১০৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আজও  একই সমস্যা নিয়ে চারজন ভর্তি হয়েছেন। বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। 

স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়ার বড় ছেলে মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকালে বাড়িতে দোয়া মাহফিল ও কুলখানি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অনেকের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থদের কেউ সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং কেউ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। অনেকে স্থানীয় চিকিৎসকদের কাছেও চিকিৎসা নেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তারা সবাই সুস্থ হয়ে উঠবেন।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন