রাজনীতি

দেশে ফিরলে শেখ হাসিনাকে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

দেশে ফিরলে শেখ হাসিনাকে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যা হচ্ছে, সবই নাটক। তিনি শেষ পর্যন্ত দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘আসতে বলেন তাকে— আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলা যা হচ্ছে, সব নাটক।’

তিনি আরও বলেন, হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছেন। একই সময়ে তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর ও বিজয় দিবসের বিষয়গুলো সামনে আসায় পুরো ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন তিনি। এ প্রসঙ্গে হাসনাত বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস— সবকিছু ম্যাচ করে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। সে আসলে আসি আসি বলেও আসবে না।’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর নামে বিভিন্ন পদক্ষেপকে লোক দেখানো কর্মকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক।’

সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা যাচাইয়ের বিষয়টিকেও কটাক্ষ করেন হাসনাত। তিনি বলেন, ‘যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়! এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি।’

এরপর তিনি বলেন, ‘দিনশেষে একটা বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। যে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

ঐক্য নিয়ে যা বললেন হাসনাত

শীতকালীন, গ্রীষ্মকালীন কিংবা শরৎকালীন—কোনো নির্দিষ্ট মাস বা ঋতুকে কেন্দ্র করে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা টেকসই হবে না বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি ঐক্য।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) এনসিপির আহ্বায়ক জানিয়েছিলেন, ৫ আগস্টই আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যও সেদিন চূড়ান্ত হয়েছে। বর্তমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই; বরং দলটি যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তা আবারও প্রমাণ হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শুধুমাত্র ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরৎকালীন ঐক্য—ওইভাবে আসলে ঐক্য সাস্টেনেবল না। বরং দীর্ঘমেয়াদি দেশের স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার ও উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে।’

তিনি আরও বলেন, গণরায় ও গণভোটের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। প্রাতিষ্ঠানিক কাঠামো সুদৃঢ় করার মধ্য দিয়েই জাতীয় ঐক্যকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব।

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

প্রধানমন্ত্রীর নতুন করে জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানই ৫ আগস্টের আন্দোলনের অন্যতম ভিত্তি। তাঁর অভিযোগ, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে।

এ প্রসঙ্গে হাসনাত বলেন, ‘ভারতের জনগণের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক- রিসিপ্রোকাল একটা সম্পর্ক রয়েছে আমাদের। কিন্তু ভারত যে একটা আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং কন্ট্রোল করার যে মনোভাব রয়েছে, সেটার বিরুদ্ধেই ৫ই আগস্ট।’

তিনি জানান, এ বিষয়ে সরকারের কাছে তাদের অবস্থান ও পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের উদ্যোগ কী, সেটিও জানতে চেয়েছে এনসিপি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন