দেশজুড়ে

জামিন পাওয়া আসামির পরিচয়ে পালালো হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অভিনব কৌশলে পালিয়ে গেছে হত্যা মামলার এক আসামি। জানা গেছে, হৃদয় (২৮) নামের ওই আসামি জামিনপ্রাপ্ত অন্য এক বন্দির নাম ও ঠিকানা ব্যবহার করে কারাগার থেকে পালিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১১টা ৫২ মিনিটে, তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায়। পালিয়ে যাওয়া হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার বাসিন্দা এবং মুজিবুর মিয়ার ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানার ভিত্তিতে হৃদয়কে গেল বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে পাঠানো হয়। ২৯ জানুয়ারি দুপুরে নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেন জামিনে মুক্তি পান। সে সময় জামিনপ্রাপ্ত বন্দিদের ছাড়ার প্রক্রিয়ার ফাঁকে দিদারের নাম-ঠিকানা ব্যবহার করে হৃদয় নিজেকে মুক্ত করে নেয় এবং কারাগার ত্যাগ করে।

ঘটনার পরপরই বিষয়টি তদন্তে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন চাঁদপুর জেলার এবং ফেনী জেলার সুপার।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে সাতজনকে নামীয় ও আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, অন্য আসামির জামিনের কাগজ ব্যবহার করেই হৃদয় নামের ওই বন্দি কারাগার থেকে কৌশলে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #জেল #আসামি