নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারে নতুন নির্দেশনা কার্যকর করা হবে। তিনি বলেন, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে পারবেন, অন্য কর্মকর্তাদের জন্য নির্ধারিত থাকবে পেন্সিল। এছাড়া প্রতিটি আসনে ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও জানিয়েছেন, ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারির আওতায় থাকবে। প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় গণনায় সময় কিছুটা বেশি লাগতে পারে, কিন্তু লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকায় কোনো জালিয়াতির সুযোগ থাকবে না।
ভোট নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোট কেনাবেচা রোধে বিশেষ নজরদারি চলবে। নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজন হলে অর্থ লেনদেনে সীমা নির্ধারণ করা হবে।
সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্টদের কোনো ধরনের আপ্যায়ন গ্রহণ নিষিদ্ধ। অপতথ্য প্রতিরোধে সঠিক তথ্য দ্রুত প্রচার করতে হবে। পাশাপাশি, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি জেলা ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, বড় হোক বা ছোট দল, পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না। যেখানে কোনো অনিয়ম ধরা পড়বে, সেখানে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসি//