ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (০১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আশিকুর রহমান এজাজের বিদেশ যাত্রা রোধের আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কিছু খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর-গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ অন্যান্য কার্যক্রম।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে এজাজকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ে তিনি হাজির হননি। এছাড়া বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, তিনি দেশের বাইরে চলে যেতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমকে ব্যাহত করতে পারে।
সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থে আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
এসি//