ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় রোববার (০১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পথসভায় এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হন উপস্থিতরা। স্থানীয় শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ এবং নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।
পথসভায় তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা দেশের এবং জনগণের স্বার্থে সত্য কথা বলে ও সত্য লিখে। নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার চেষ্টা সবসময় কিছু মানুষ করে, তবে এবার কেউ ভোট প্রক্রিয়া বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে এবং ভোট দেয়া থেকে তারা বিরত থাকবে না।
মির্জা ফখরুল আরও বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন। যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি নির্বাচনী এলাকায় সতর্কবার্তা দিয়ে বলেন, আগামী ১২ তারিখে সবাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন এবং সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।
এসি//