রাজনীতি

মায়ের ইজ্জত নষ্টকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে : ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন। যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা। এ বাংলাদেশের ভার তোমাদের বহন করতে হবে। বৈষম্য, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, মানুষ খুন, মায়ের ইজ্জত নষ্টকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে মায়েদের নিয়ে অত্যন্ত বাজে, কুরুচিপূর্ণ, অপমানজননক কিছু বক্তব্য দিয়ে দিছে। যারা এ কাজ করেছে, তারা ডাকাত, কাপুরুষ। জামায়াত মায়েদের সম্মান উঁচু করে তুলে ধরতে চায়। কিন্তু ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। পরিষ্কারভাবে বলতে চাই, সবার ঠিকানা ছিলে মায়ের গর্ভে, মায়ের বুকে। সেই মায়ের অসম্মান আমরা বরদাশত করবো না।

তিনি বলেন,  একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমন রাজনীতি জামায়াত চায় না। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায়, যেখানে তুচ্ছ কোনও বিষয়কে কেন্দ্র করে হানাহানি হবে না, নোংরা রাজনীতি হবে না এবং মানুষে মানুষে বিভেদ তৈরি হবে না। এমন একটি দেশ তারা গড়তে চান, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

শেরপুরে সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করিম হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাওলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহীদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এসময় ক্ষমতায় গেলে শেরপুরে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ নির্মানের প্রতিশ্রুতি দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. শফিকুর