আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমর মাদকাসক্তি নিরাময় হাসপাতালে হামলাটি ঘটে। তিনি জানান, প্রায় দুই হাজার শয্যার এই হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও জানান, উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।
অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কাবুল ও নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে। হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে ইসলামাবাদ।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে ধ্বংসস্তূপের মধ্যে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
হাসপাতালের এক নিরাপত্তারক্ষী ওমিদ স্টানিকজাই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমানের শব্দ শুনেছিলেন। তার দাবি, আশপাশে থাকা সামরিক ইউনিটগুলো বিমান লক্ষ্য করে গুলি চালানোর পরই বোমা ফেলা হয়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এমএ//