রাজনীতি

নারীর সম্মান রক্ষায় ধানের শীষে ভোটের আহ্বান টুকুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ (সদরকামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নারীদের সম্মান রক্ষায় ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায়  তিনি এ আহ্বান জানান।

টুকু বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভর করছে ভোটারদের সচেতন সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমাকে সমর্থন দেন, সেই সমর্থনই তারেক রহমানের নেতৃত্বকে শক্ত করবে।

তিনি বলেন, বর্তমান সময়ে নারীরা ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা মিল-কারখানা, কৃষিকাজ ও নানা কঠোর শ্রমের কাজে অংশ নিচ্ছেন। অথচ কিছু রাজনৈতিক দল এখনো নারীদের বাইরে কাজকে নেতিবাচকভাবে দেখাচ্ছে। এ ধরনের মানসিকতার রাজনীতি ক্ষমতায় এলে মা-বোনদের স্বাভাবিক চলাচল ও কাজের সুযোগও সংকুচিত হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আজকের দিনে স্বামী-স্ত্রী দুজনের আয় ছাড়া অনেক পরিবারের পক্ষে সংসার চালানো কঠিন। আমি নিজ চোখে দেখেছি নারীরা রাস্তায় মাটি কাটার মতো কঠিন কাজ করছেন। অথচ কিছু নেতা আবার তাদের ঘরে আটকে রাখার কথা ভাবছে। এটি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

নারী ভোটারদের উদ্দেশে টুকু বলেন, দেশের রাজনীতিতে নারীদের ভোট এখন সবচেয়ে বড় শক্তি। যারা আপনাদের সম্মান করে না, তাদের হাতে ভোট দেবেন না।

এ বিএনপি নেতা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সুষ্ঠু উন্নয়ন সম্ভব নয়। তাই ভোটারদের সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #টুকু