ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘদিন পর তার এই দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরকে ঘিরে খুলনা-যশোরসহ আশপাশের জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে। নেতাদের আশা, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ জনসভায় অংশ নেবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ সম্প্রসারণ, সুন্দরবনভিত্তিক পর্যটন উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন বাস্তবায়ন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনার কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে যশোরে পৌঁছে তিনি ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। যশোরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, নগরবাসীর ভোগান্তি এড়াতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরা হবে, যার মধ্যে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান বিশেষভাবে গুরুত্ব পাবে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এসি//