ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বিএনপি। ঐতিহাসিক এ বিজয়কে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেয়া এক বিবৃতিতে তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করার আহ্বান জানান। একইসঙ্গে বিজয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের মিছিল, সভা কিংবা সমাবেশ না করার নির্দেশও দেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করতে হবে। দলীয় নেতাকর্মীদের শান্ত, সংযত ও শৃঙ্খলাবদ্ধ আচরণ বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিজয়ের প্রেক্ষাপটে কোথাও যেন উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এসি//