অর্থনীতি

সাতসকালে কমলো স্বর্ণের দাম, ভরি কত?

বায়ান্ন প্রতিবেদন

স্বর্ণের বাজারে আগুনে জল ঢালার মতো অস্থিরতা চলছেই। রাতের নিস্তব্ধতার পর নতুন সকাল বেজে উঠল, সঙ্গে এল এক নতুন দর—স্বর্ণের দাম আবারও কমেছে। দেশের বাজারে বছরের শুরু থেকেই স্বর্ণের দাম টিকে থাকছে না স্থির, কখনও রাতের নির্ধারিত দাম ভাঙছে সকালে, কখনও আবার দিনভর ওঠানামা করছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে ঘোষণা করেছে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হবে।

এর আগে রোববার (০১ ফেব্রুয়ারি) রাতেও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৯২৫ টাকা, নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রূপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

চলতি বছরের শুরু থেকে বাজুস দেশে মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং মাত্র ৭ বার দাম কমেছে। তুলনামূলকভাবে, গতবছর স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি পেয়েছিল। ২০২৫ সালে স্বর্ণের দাম কমানো হয়েছিল মোট ২৯ বার।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #দাম