দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, “গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, ইতিমধ্যে অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও সতর্ক করে বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসি//