নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে স্থানীয় জনগণের সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষা সম্ভব হবে।
এর আগে সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।
সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।
কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।
এসি//