লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতাসহ দুজনের নামে মামলা হয়েছে। আসামীরা হলেন মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী সোহেল রানাকে (৪০) এবং লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ (৩৪)।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলা করেন।
সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, অর্ডার পাওয়ার পরই তিনি এসব সিল তৈরি করছিলেন। তার দেওয়া তথ্যমতে, সৌরভ হোসেন নামের এক ব্যক্তি সিলগুলো তৈরির অর্ডার দিয়েছেন।
ঘটনার পর থেকে সৌরভ হোসেন শরীফ গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তবে লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুন অর রশীদ বলেন, ‘মামলায় ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে।’
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সিলসহ সোহেল রানা নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকবজা রয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ আছে। সিল বানানোর পেছনে কোনও প্রার্থীর বা কোনও রাজনৈতিক দলের নেতার ইন্ধন রয়েছে কিনা, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও জালিয়াতি বন্ধের ব্যবস্থা নিতে হবে।
আই/এ