আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে উপকূলীয় জেলা বরগুনা সফর করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউস মাঠে পৌঁছান তিনি। সফরকালে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
নৌবাহিনী প্রধান বলেন, এই নির্বাচন ও গণভোট দেশ ও জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়েই দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় অগ্রসর হবে এবং উন্নত বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে। দায়িত্ব পালনে নৌসদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম বজায় রাখার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচনী মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, অতীতের তুলনায় এবার সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন, যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ। উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলে নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত নৌযান ও জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হলেও সশস্ত্র বাহিনী সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। ভোটগ্রহণের পরবর্তী দুই থেকে তিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরগুনার জেলা প্রশাসকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//