রাজধানী

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান দল। এ সময় মোহাম্মদ মেহেদী হাসান বিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়া এলাকায় বিপুর বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

অভিযানের সময় বাসাটি থেকে সাতটি পিস্তল, তিনটি রিভলভার, দুটি এয়ারগান, একটি শূন্য দশমিক বাইশ মিলিমিটার বোরের রাইফেল, দুটি রাইফেল ম্যাগাজিন, আটটি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩০টি কার্তুজ, দুই হাজারের বেশি এয়ারগান প্যালেট, একটি দূরবীন, চারটি পিস্তলের গ্রিপ সাইট কভার, তিনটি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, দুটি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং চার্জারসহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #সেনাবাহিনী #সেনা অভিযান