আন্তর্জাতিক

লাখ লাখ উটকে পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব দেশটির লাখ লাখ উটের জন্য আনুষ্ঠানিকভাবে ‘উট পাসপোর্ট’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে উটের পরিচয়, মালিকানা এবং ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ করা সম্ভব হবে।

সৌদি সরকারের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, উট পালন খাতকে আধুনিক ও সংগঠিত করতে এই পাসপোর্ট ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে উট সংক্রান্ত নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি হবে, যা রোগ নিয়ন্ত্রণ, বংশগত তথ্য সংরক্ষণ এবং বাণিজ্যিক কাজে সহায়ক হবে।

মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উটের পাসপোর্টের নমুনাও দেখানো হয়েছে। সবুজ রঙের এই পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক ও সোনালি রঙের উটের ছবি রয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে। এই খাত দেশটির অর্থনীতিতে বছরে দুই বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখে।

আরব নিউজ জানায়, বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিন কোটি উট রয়েছে, যার মধ্যে এক কোটি ৭০ লাখ আরব অঞ্চলে। সংখ্যার ভিত্তিতে শীর্ষে সোমালিয়া, এরপর সুদান, মৌরিতানিয়া, সৌদি আরব ও ইয়েমেন।

উট সৌদি আরবের জাতীয় প্রতীকের গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে নিয়মিত উটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়, যেখানে সেরা উটগুলোকে পুরস্কৃত করা হয়। জাতীয় দিবস ও বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে উটের উপস্থিতি প্রায় অপরিহার্য।

ইতিহাস বলছে, কয়েক শতাব্দী ধরে আরব উপদ্বীপের শুষ্ক মরুভূমিতে পরিবহনের প্রধান মাধ্যম ছিল উট। বিশ শতকের শুরু পর্যন্ত মক্কা ও মদিনায় যাতায়াতের জন্য উটই একমাত্র ভরসা ছিল। হাজিরারা দীর্ঘ পথ উটের পিঠে চড়ে পাড়ি দিতেন। সৌদি মরুভূমিতে পাওয়া প্রাচীন পাথরে খোদাই করা উটের ভাস্কর্যগুলোর বয়স ৭–৮ হাজার বছর, যা মিসরের গিজার পিরামিডের চেয়েও প্রাচীন।

রিয়াদ পত্রিকার কলাম লেখক ও ইতিহাসবিদ বদর বিন সৌদ বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে উট আরব জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, উট ছাড়া এই শুষ্ক ও উত্তপ্ত মরুভূমিতে টিকে থাকা অসম্ভব হতো। ইসলাম-পূর্ব যুগের কবিতায় যেমন উটের উল্লেখ আছে, তেমনি নবী হজরত মুহাম্মদ (সা.) এরও একটি উট ছিল, নাম কাসওয়া।

যদিও আধুনিক সময়ে পরিবহনে উটের ব্যবহার কমেছে, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উটের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগী সম্পর্ক আজও অটুট। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার উট পাচ্ছে নিজস্ব পাসপোর্ট।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #উট #পাসপোর্ট