রাজনীতি

আজ রাজধানীর ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। দেশজুড়ে গণসংযোগ শেষ করে এবার রাজধানীতে বড় পরিসরে প্রচারণার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের।

এর মধ্যে আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভা করবেন তিনি। শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

ঘোষিত সূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠে জনসভা করবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরদিন সোমবার তিনি নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটিসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন। এদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ ঘুরে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে সমাপনী জনসভা করবেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান #রাজধানী