বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন শুরুর প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ভোটগ্রহণের কয়েক মিনিট আগে থেকেই ইইউ পর্যবেক্ষকরা কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখানোর পর সেটিকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইজাবস।
তিনি জানান, ভোট নির্ধারিত সময়েই শুরু হয়েছে এবং আশা প্রকাশ করেন শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দিনের বাকি সময়ও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।
এই কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বসিত। তার প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব দুর্নীতিমুক্ত ও যোগ্য হোক এবং দেশের কল্যাণে কাজ করুক। তিনি এদিন গণভোটেও অংশ নিয়েছেন।
সকালের শুরু থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসি//