ঢাকা-১৭ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন পর্যন্ত দুইটি কেন্দ্রের গণনা শেষে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে অর্জন করেছেন ৪৫৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি সারা দেশে গণভোটও অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনে বিশৃঙ্খলা ও জালিয়াতির চিত্র
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট চলাকালীন দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদান এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
এসি//