রাজনীতি

কিছু কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী করতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনী কারসাজির অভিযোগ তুলেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, “নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য একধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের কাছে।”

মাহদী আমিন বলেন, বিএনপি প্রার্থীদের যে বিপুল ও অপ্রতিরোধ্য বিজয়ের ধারা তৈরি হয়েছে, তার ব্যবধান কমিয়ে আনতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এর প্রভাবেই কিছু আসনে ফলাফলে কারসাজির আশঙ্কা তৈরি হয়েছে।

উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬–সহ কয়েকটি আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিত বিলম্ব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন—ঢাকা-১৭ ও বগুড়া-৬—এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  দুই–তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ইতোমধ্যেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন