জাতীয়

গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া বাতিল হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গণভোটে মোট ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

এদিকে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।

বিএনপির নেতৃত্বাধীন জোট সম্মিলিতভাবে পেয়েছে ২১২টি আসন। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) এবং জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন প্রত্যেকে একটি করে আসন পেয়েছে।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গণভোট #নির্বাচন