জাতীয়

আগের তুলনায় এবারের নির্বাচন ছিল বেশি নিরপেক্ষ ও উৎসবমুখর

পূর্ববর্তী নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ছিল বেশি নিরপেক্ষ ও উৎসবমুখর। কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও পর্যবেক্ষকদের কাজে বাধার ঘটনা ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

তিনি বলেন, সারাদেশে ভোট গ্রহণ সামগ্রিকভাবে সুষ্ঠু হলেও অন্তত ২১টি কেন্দ্রে কিছু অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সিলেট৪ আসনের কাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি রাজনৈতিক দলের কর্মীদের কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের একটি কেন্দ্রে পর্যবেক্ষককে হেনস্থা করে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। হবিগঞ্জ৩ আসনের একটি কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়া হয়। ভোলার কিছু কেন্দ্রে হামলা ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া বরিশাল বিভাগের কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ময়মনসিংহ বিভাগের একটি কেন্দ্রে ৩০০ ব্যালট পেপার ছিনতাই এবং কিছু কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তা ব্যবস্থা খোলা থাকার অভিযোগ পাওয়া গেছে।

সংস্থাটি দাবি করে, ইসলামপুর থানার গাইবান্দা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। একটি কেন্দ্রে দুপুর ২টার মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হলেও প্রিজাইডিং কর্মকর্তা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

রংপুর, কুমিল্লা, রাজশাহী, ঢাকা ও গাজীপুরের কিছু কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা, গণনা পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা এবং মৌখিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে।

ইজাজুল ইসলাম বলেন, তবে এসব বিচ্ছিন্ন ঘটনার বাইরে বড় ধরনের সহিংসতা বা গুরুতর অনিয়ম আমাদের পর্যবেক্ষণে আসেনি।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এইচআরএসএসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম এবং ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচআরএসএস