স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে উন্নত করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এক-দেড় বছর পার হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে। তারা একটা ইলেকশন দিয়ে গেছে। ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটাই তো একটা বড় অর্জন।
আওয়ামী লীগ বিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এ কারণে নির্বাচন সকলের কাছে গ্রহনযোগ্য হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত সরকারের সাথে আলোচনার পর জানানো হবে।
সরকারের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, চ্যালেঞ্জটা হচ্ছে— টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটা পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।
আই/এ