৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফলে মেধাক্রম ও প্রার্থীদের পছন্দের ভিত্তিতে মোট ৪ হাজার ১৩৬ জনকে বিভিন্ন সরকারি দপ্তরে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০২৩-এর বিধি ৬ অনুসারে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের শূন্য পদগুলোতে তাঁদের পদায়ন করা হবে।
মনোনীতদের মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে ৩ জন এবং নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে ২৯ জন ও পাসপোর্ট অধিদপ্তরে একই পদে ১৪ জন দায়িত্ব পাবেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঔষধ তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত হয়েছেন ১৯ জন।
দশম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এছাড়া খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক হিসেবে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৮ জনকে বাছাই করা হয়েছে।
তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টরসহ কয়েকটি বিশেষায়িত পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি বলে জানিয়েছে কমিশন।
এমএ//