আন্তর্জাতিক

ইরানকে চাপ দিতে 'শিগগিরই' সীমিত হামলা করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানকে নতুন পারমাণবিক সমঝোতায় আনতে সীমিত পরিসরের সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, অনুমোদন মিললে কয়েক দিনের মধ্যেই প্রাথমিক অভিযান শুরু হতে পারে। এতে ইরানের কিছু সামরিক বা সরকারি স্থাপনাকে লক্ষ্য করা হতে পারে। পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চাপ বাড়ানোই এ ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য—যাতে বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি কম থাকে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি তেহরান প্রত্যাখ্যান করলে ওয়াশিংটন আরও বড় আকারের অভিযানের পথে যেতে পারে। সে ক্ষেত্রে ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। উদ্দেশ্য থাকবে নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করা।

একটি সূত্র জানায়, ধাপে ধাপে উত্তেজনা বাড়ানোর কৌশল নেওয়া হতে পারে—প্রথমে সীমিত হামলা, পরে প্রয়োজন হলে তা বিস্তৃত করা। এই চাপ অব্যাহত থাকতে পারে যতক্ষণ না ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। বিভিন্ন বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলা কিংবা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সীমিত আঘাত।

এদিকে কিছু মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষক সতর্ক করেছেন, এমন পদক্ষেপ ইরানের পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে। এতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র