২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। বিলম্ব ফি ছাড়া আবেদন করা যাবে ৯ মার্চ পর্যন্ত। নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ। তবে জরিমানাসহ ফরম পূরণের সুযোগ থাকবে ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের বাইরে কোনো বিষয়ে পরীক্ষা দিলে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।
এ বছর তিন বিভাগেই ফি বাড়ানো হয়েছে। গতবারের তুলনায় ২১০ টাকা বেশি গুনতে হবে শিক্ষার্থীদের।
নতুন নির্ধারিত হারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট ফি ২ হাজার ৯৯৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা। গত বছর এ খাতে মোট ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। গত বছর এ বিভাগের ফি ছিল ২ হাজার ২২৫ টাকা।
তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে। ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক থাকলেও প্রতি বিষয়ের জন্য একই পরিমাণ অতিরিক্ত ফি প্রযোজ্য হবে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, কলেজগুলোকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই শুরু হবে ফরম পূরণ। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, শিগগিরই তা জানানো হবে।