পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই উদ্যোগকে আবারও সক্রিয় করা হবে। পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়ার কথা জানান তিনি।
সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//