রাজধানী

বাজার মনিটরিংয়ে গিয়ে ‘মবের’ শিকার ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট

রাজধানীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে গিয়ে ‘মব’ পরিস্থিতির মুখে পড়েছেন অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় বাজারের দ্রব্যমূল্য তদারকিতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের দায়িত্বে ছিলেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানকালে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বেশি দামে ক্রয়ের দাবি করেন। তবে পণ্য ক্রয়ের ক্যাশ মেমো চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে ‘মেসার্স দেওয়ান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মোহাম্মদ আলী ভূট্টো নামে এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে হুমকি-ধমকি দেন। তিনি জরিমানা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে অন্যান্য ব্যবসায়ীদের ডেকে দোকানপাট বন্ধের ঘোষণা দেন এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন।

ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার জানান, উত্তেজিত পরিস্থিতিতে তিনি সমিতির কার্যালয়ে বসে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ভোক্তা