যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম হুমায়ুন কবির রিপন (৪৫)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হুমায়ুনের গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌরশহরেও তার বাড়ি রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাশ্বশুর ও চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, হুমায়ুন কবির যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। আজ বিকেলে তিনি ছুটি নিয়ে নিজের মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।
আই/এ