পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে কয়েকজন যুবক। কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে দীর্ঘ ১৮ মাস দলটির কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামীলীগ সরকারের পতনের পর দলীয় নেতা–কর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
স্থানীয়রা জানান, আব্দুল হামিদ সড়কে জেলা আওয়ামীলীগের কার্যালয়টি অবস্থিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ গতকাল শুক্রবার বিকেলে আওয়ামীলীগের কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ এসব স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায় নেতা–কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী তৌফিক ইমামসহ আরো কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন যুবক টায়ার নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করেন। ভেতরে পোড়ানোর মতো আর কিছু না থাকায় তাঁরা কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ উল্লাস করেন। পরে আগুন জ্বালিয়ে রেখেই চলে যান।
বিকেলের দিকে দেখা যায়, দোতলা ভবনটির চারপাশে নোংরা আবর্জনার স্তূপ এবং এক ভুতুড়ে বাড়ি। নিচ তলার দুই কক্ষে জ্বলছে ধোঁয়া ছড়ানো আগুন। উৎসুক জনতা দূর থেকে দেখছে আগুন নেভানোর কেউ নেই সেখানে।
ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
আই/এ