চাঁদপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না। যদি থাকে তাদের নাম তালিকা করে দিন আমি ব্যবস্থা নিব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের হল রুমে আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,সামনের দিনগুলোতে যেন মানুষ স্বাস্থ্য সেবা পায় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা তা আপনাদের পূরণ করতে হবে। আপনারা মানুষকে যথাযত সেবাটা দেন। সময় মতো হাসপাতালে আসেন। আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করলে যত সমস্যা থাকুক তা কিন্তু সমাধান করা সম্ভব।
তিনি বলেন, আপনাদের বিরুদ্ধে অনেক সময় শুনা যায় সময় মতো অফিসে আসেন না। রোগীদের সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, আপনারা রোগীদের কথাগুলো শুনবেন। তাদের সমস্যা গুলো শুনবেন।একটি কথা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে চেষ্টা করলে সকল সমস্যার সমাধান সম্ভব।
চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
এর আগে নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলো শুনেন এবং তা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
আই/এ