জাতীয়

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন একার কাজ নয় : হুইপ আশরাফ উদ্দিন।

চাঁদপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন এমপি বলেছেন, কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না। জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন কোনো একজনের একার কাজ নয়। তৃণমূল পর্যায় থেকে সবাইকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আর সেই কাজের সূচনা চাঁদপুর থেকেই শুরু করতে চান

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন,  মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা বেগম খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছি, যদিও সেখানে নোট অব ডিসেন্ট ছিল। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হলে আমাদের নেতাকর্মীদেরও সেভাবে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার দায়িত্ব দিয়েছেন। এসব জেলায় নির্বাচিত সংসদ সদস্য ও দলের সাংগঠনিক নেতারা রয়েছেন। সবার মধ্যে সমন্বয় গড়ে তুলতে তিনি মাধ্যম হিসেবে কাজ করার চেষ্টা করবেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হুইপ