প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ গ্যাসের সরবরাহ ক্রমাগত বাড়ছে। জাতীয় সঞ্চালন পাইপলাইনে ইতোমধ্যে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে গ্যাসের চাপ অনেক বেড়েছে। তবে দীর্ঘ সময় কম চাপ থাকার কারণে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার গ্রাহকের কাছে স্বাভাবিক চাপে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আজ রাত অথবা আগামীকাল ভোরের মধ্যে অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন।
গতকাল চলমান জ্বালানি সংকট ও এর সমাধান নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বাস দেন শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, পরিস্থিতি দেড় মাস আগের অবস্থায় ফিরবে। এ ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এরই মধ্যে আজ শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।
আই/এ