প্রবাস

জেদ্দায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) কনস্যুলেট প্রাঙ্গণে দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে উদ্‌যাপিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কনস্যুলেট চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমানের প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষক-শিক্ষার্থী এবং প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীরাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলা অনুবাদ এবং ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

কনসাল জেনারেল তার বক্তব্যে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সকল স্বাধিকার সংগ্রামে আত্মদানকারী শহিদদের স্মরণ করেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলা, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কর্মকর্তারা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #শহিদ দিবস