নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাও নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, তার জানামতে অধ্যাদেশের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেয়া হয়েছে। সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। নির্বাচন কমিশন মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবেন, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে; কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে।
স্থগিত হওয়া সংসদীয় আসনের নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, “বগুড়া-৬ এর উপনির্বাচন এবং শেরপুর-৩ এর নির্বাচন শিগগিরই হবে ইনশাল্লাহ। ১৪ এপ্রিল অর্থাৎ, পহেলা বৈশাখের আগেই যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। কারণ, পহেলা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে। এজন্য এর আগেই করার চেষ্টা আমরা করছি।”
আই/এ