বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেয়ার চেষ্টা করছে। যারা মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।
তিনি বলেন, লেবুর বিক্রয়মূল্য ১২০ টাকা পর্যন্ত উঠেছিল। কিন্তু সেই দাম বর্তমানে জাত অনুযায়ী ৫০ থেকে ৭০ টাকায় চলে এসেছে। কিছু পণ্যের দাম গতবারের চেয়ে ১৫-২০ টাকা কম আছে।
ভোক্তা অধিকারের অভিযান নিয়ে তিনি আরও বলেন, ঢাকা শহরে ভোক্তা অধিকারের ১০ টি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩ টি টিম কাজ করছে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জব্বার মন্ডলের সঙ্গে অভিযানকালে ব্যবসায়ী নেতা যে খারাপ আচরণ করেছেন সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
আই/এ