প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথমে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড দেয়া হবে বনানীর কড়াইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ এলাকায়।
এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। নির্বাচিত পরিবারগুলোকে চারটি শ্রেণিতে—হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—বিভক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা পাঁচ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে প্রদান করা হবে।
এসি//