জাতীয়

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র

প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে রাজধানীর খিলগাঁওয়ে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ওই শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ৪-৫ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। 

অপহৃত শিক্ষার্থীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করে বিষয়টি সরাসরি অবহিত করেন। ঘটনা শোনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেটি ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। ‘মুক্তিপণের টাকা দেওয়া হবে’—এমন আশ্বাস দিয়ে সময় নেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, অপহরণের খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #রাজধানী