কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। আহত ৪ বাংলাদেশি বর্তমানে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১ মার্চ) হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন এবং বাংলাদেশিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান। দূতাবাস থেকে আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
দূতাবাস জানিয়েছে, ড্রোন বিস্ফোরণে উড়ে আসা কাঁচের টুকরো এবং যান্ত্রিক ধ্বংসাবশেষের আঘাতে তারা জখম হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
আই/এ