হরমুজ প্রণালী নিজেদের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নেয়ার দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার (০৪ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেলবাহী জাহাজ সুরক্ষার জন্য মার্কিন নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালী ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) আরও জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭তম দফা হামলায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এছাড়া ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে শত শত ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে আইআরজিসি।
সংস্থাটি এসব হামলাকে তাদের চলমান যুদ্ধের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসি//