স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিষ্ঠান হিসাবে অতীতে পুলিশের কপালে যে কালিমা লেপে দেওয়া হয়েছিল, সেজন্য তারা নিজেরা দায়ী নয়। ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা পুলিশের ওপর এসে পড়েছে। এজন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে দাঁড় করাতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে কাজ করে। কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম যাতে গড়ে না ওঠে।
বুধবার ( ৪ মার্চ ) বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা খুব শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী দাগী আসামি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে- তাদেরও একটা তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, যানজট ঢাকার একটি বড় সমস্যা এবং এ বিষয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে এবং ভিআইপি ও প্রধান সড়কগুলোতেও যেখানে নন-মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ থাকার কথা, সেখানে এসব যান চলাচল করছে। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে সচিবালয়মুখী ভিআইপি সড়কে এসব যান চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হবে। পরে পর্যায়ক্রমে অন্য সড়কেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থা যেন গড়ে না ওঠে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আইন যেভাবে বলে পুলিশ সেভাবেই কাজ করবে। আমি আশা করি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পুলিশ জনগণের পক্ষে দেশের পক্ষে কাজ চালিয়ে যাবে।’
বৈঠকে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।
আই/এ