দেশজুড়ে

ছেলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন বাবা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা, আবু জাফর।

গেলো সোমবার (২ মার্চ)  ঝিনাইদহ জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে জেলা জজ আদালতের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে এই অ্যাফিডেভিট করেন তিনি। বিষয়টি আজ ৪ মার্চ সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

আবু জাফর জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ছেলে নাহিদ হাসান সবুজ তাঁর নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়েছেন সবুজ। এ ঘটনা জানার পরে তিনি তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তিনি তাঁর দায়িত্ব নেবেন না।

নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

জেলা জজকোর্টের আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, ত্যাজ্যপুত্র করার কোনো আইনি ভিত্তি নেই। তিনি হয়তো কোনো ঝামেলা এড়িয়ে যেতে এ পদক্ষেপ নিয়েছেন।

আই/এ