শুক্রবার (০৬ মার্চ) মধ্যরাতের পর থেকে ইরান থেকে ইসরাইলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে।
এই হামলার কারণে সারা রাত ধরে লক্ষ লক্ষ ইসরাইলিকে বাংকারে আশ্রয় নিতে হয়েছে। বিশ্লেষকদের মতে, নিয়মিত ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে মানুষকে বারবার আশ্রয়ে যেতে বাধ্য করে ইরান ইসরাইলি সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো প্রথম সপ্তাহে ইরান থেকে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা ধরেছিল।
কিন্তু এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্রই ইসরাইলের দিকে ছোড়া হয়েছে।
ইসরাইলি কর্মকর্তাদের মতে, এটি ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতার দুর্বলতার ইঙ্গিত দেয়। তাদের দাবি, এই সীমিত হামলা সম্ভব হয়েছে ইসরাইলের কথিত “অপারেশনাল সাফল্য”র কারণে, যার মাধ্যমে তারা ইরানের কিছু সামরিক সক্ষমতা নষ্ট করতে পেরেছে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//