দেশজুড়ে

জ্বালানি সংকটের আশঙ্কা, সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

সিরাজগঞ্জ প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় সিরাজগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করে ভিড় বেড়েছে। জ্বালানি সংগ্রহে সকাল থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে অপেক্ষমাণ গাড়ির লাইন পাম্প এলাকা ছাড়িয়ে সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। এ সময় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় মোটরসাইকেল চালকদের।

সকালের পর থেকেই শহর ও আশপাশের এলাকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে ভিড় বাড়তে থাকে। অনেক চালককে কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। রোজার মাসে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

জ্বালানি নিতে আসা কয়েকজন গ্রাহক জানান, কয়েকটি পাম্প ঘুরেও তারা তেল পাননি। পরে শহরের কাজিপুর মোড়ে একটি ফিলিং স্টেশনে এসে ৪০ থেকে ৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর জ্বালানি নিতে পেরেছেন।

রাতুল নামে এক চাকরিজীবী বলেন, “আমি চাকরি করে সংসার চালাই। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রায় ৫০ মিনিট অপেক্ষা করার পর অবশেষে তেল পেয়েছি।”

এদিকে সিরাজগঞ্জ সদরে কাজিপুর মোড়ে মের্সাস পার্ক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, শাহজাদপুর তেল ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় তাদের পাম্পে পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। ডিজেলও শেষ হয়ে গেছে। তাদের চাহিদা যেখানে প্রতিদিন প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল, সেখানে মাত্র ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ দেওয়া হচ্ছে। অকটেন যতক্ষণ মজুদ থাকবে, ততক্ষণ দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে জেলায় সংকট আরও তীব্র হতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #জ্বালানি তেল #তেল