ঝিনাইদহে পেট্রোল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম; সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।
রোববার (৮ মার্চ) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাতে নিহতের বাবা আলিমুর বিশ্বাস বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান নীরব হোসেন। সে সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। নীরব কিছুক্ষণ পরে আবারও ওই ফিলিং স্টেশনে যান। সে সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল বিক্রি করতে দেখে প্রতিবাদ করেন। এরপর পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরাপপুরে একটি ফিলিং স্টেশন ভাঙচুর ও রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। এর জেরে আজ সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসন আগুন দেয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
আই/এ