চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থল থেকে মুক্ত করতে বড় পরিসরের যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের ঘাঁটি ভেঙে দেওয়ার লক্ষ্যে প্রায় চার হাজার সদস্য অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (০৯ মার্চ) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, এটি একটি বড় ধরনের অভিযান। যৌথ বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য এতে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সমন্বয় করে কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী যতদিন লাগবে ততদিন অভিযান চলবে।
তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান করবেন, যাতে ভবিষ্যতে এলাকাটি আর সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হতে না পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অপরাধী চক্রের তৎপরতা দমনে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে অভিযান চালানো হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
এমএ//