সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়েছে এমন বাস্তব ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর।
শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে ছিল আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে অথবা দেশটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দৃশ্য।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কিছু ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে। এসব ভিডিওতে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, আগুন এবং হামলার দৃশ্য দেখানো হয়, যা বাস্তবে ঘটেনি।
পাবলিক প্রসিকিউটরের মতে, বাস্তব বা ভুয়া—যে ধরনের ভিডিওই হোক না কেন, এ ধরনের ক্লিপ প্রকাশ করলে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়। একই সঙ্গে এতে শত্রুভাবাপন্ন গণমাধ্যম সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করার সুযোগ পায়।
বার্তা সংস্থা ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগে উল্লেখ করা হয়েছে—ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করা, জননিরাপত্তার ওপর আঘাত হানা, আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা।
অভিযুক্তদের ন্যূনতম এক বছর কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার মুখে পড়তে হতে পারে।
এমএ//