জাতীয়

নৈতিক শিক্ষা জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষার্থীদের নৈতিকতা চর্চা বাড়ানো এবং চারিত্রিক অবক্ষয় ঠেকাতে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। এ পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই উদ্যোগ কোনো একটি ধর্মের শিক্ষার্থীদের জন্য নয়। সব ধর্মের শিক্ষার্থীরা যাতে নিজ নিজ ধর্মীয় শিক্ষা পেতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই নিয়োগ পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

রোববার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে নৈতিক শিক্ষার গুরুত্ব অনেক বেড়েছে। সেই প্রয়োজন থেকেই ৯ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি সামনে এসেছে।

তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা আনতে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এই মুহূর্তে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেয়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় ভবিষ্যতে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়েও আশাবাদী বার্তা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার শিগগিরই নতুন করে আবেদন আহ্বান করবে। তবে আগের জমা দেওয়া আবেদনগুলো বাতিল করা হবে না; সেগুলোও স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই করা হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন #আ ন ম এহসানুল হক মিলন